নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ৭ম শ্রেণীর দুই ছাত্রীকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই দুই ছাত্রী উপজেলার ইউএস বাংলা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় শনিবার (২ জুলাই) রাতে রূপগঞ্জ থানায় শিক্ষার্থীর স্বজনেরা অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থীরা হলেন উপজেলার তারাব পৌরসভার বরপা বাগান বাড়ি এলাকার মৃত মোমেন ভূইয়ার মেয়ে তানজিলা আক্তার (১৪) ও একই পৌরসভার বরপা কর্নগোপ এলাকার রাসেল মিয়ার মেয়ে সামিয়া সিমি নিশী (১৩)। তারা ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ জানান, দুই শিক্ষার্থীকে মারপিট করে আহত করায় শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সতত্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষ্যে শনিবার সাড়ে ১২টার দিকে বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ছুটি ঘোষণ করা হয়। এই আনন্দে ছাত্রীরা সবাই স্কুলে চুমকি মাখামাখি শুরু করে। এসময় ওই দুই ছাত্রীকে ডেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে নিয়ে যান শিক্ষক জসিমউদ্দিন।
এরপর তাদেরকে বেত দিয়ে এলোপাথারী বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন। তখন আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন দুই ছাত্রী। পরে তাদেরকে ওই বিদ্যালয়ের অন্য শিক্ষকরা স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহম্মদ বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে তদন্ত করা হবে। স্কুল কমিটিও মিটিং ডেকেছে। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

