চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে ৫টি চোরাই সিএনজিসহ ইফতেকার হাসান (১৮) নামে ১ সিএনজি চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
শনিবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে অভিযান পরিচালনা করে ইফতেকাকে আটক করা হয়।
আসামি ইফতেকার হাসান হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহুরীহাট বটতলা এলাকার বদিউল আলমের ছেলে।
পরবর্তীতে ধৃত আসামির স্বীকারোক্তি ও তার দেখানো উক্ত গ্যারেজ হতে চোরাই ও রেজিস্ট্রেশন নাম্বার বিহীন ৫টি সিএনজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫টি চোরাই সিএনজির আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত সিএনজি গ্যারেজটি ধৃত চোরাকারবারী ইফতেকার হাসান ও তার বাবা বদিউল আলম পরিচালনা করে আসছিল এবং উদ্ধারকৃত সিএনজিগুলো চোরাই সিএনজি।
চোরাই সিএনজি জেনেও সে সিএনজিগুলো চোরদের কাছ থেকে সংগ্রহ করে তার গ্যারেজে রেখেছিল।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, ২ মাস পূর্বে আসামির বাবা বদিউল আলম চোরাই সিএনজি রাখার অপরাধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে অবস্থান করছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

