চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বাবুল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) সকালে নগরীর বটতলী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বাবুলের বাড়ি সিলেট বলে জানিয়েছেন পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ২য় বগিতে উঠেন ওই ছাত্রী। বগিতে তখন বহিরাগত এক লোক ঘুমন্ত অবস্থায় ছিল এবং আরেকজন হাঁটাহাঁটি করছিল। এসময় সুযোগ পেয়ে মো. বাবুল ওই ছাত্রীর উপর আক্রমণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এসে বাবুলকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ডিউটি অফিসার নুরে আলম বলেন, সকালে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে বাবুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে এখনো পুলিশের হেফাজতে আছে। হেনস্তার শিকার ছাত্রীটির পরীক্ষা ছিল। সে বিকেলে এসে মামলা করবে বলে আমাদের জানিয়েছেন। এরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নিব।

