চট্টগ্রাম নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক তার নিজ অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়েছেন এক দালালকে জরিমানা করেছেন। নামজারির কথা বলে সেবাগ্রহীতার কাছে টাকা নেওয়ার অভিযোগে ওই দালালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জানে আলম। তিনি নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, আজ সাজাপ্রাপ্ত ব্যক্তি এক সেবাগ্রহীতাকে নিয়ে আমার অফিসে আসেন। সেবাগ্রহীতা হাসিনা মমতাজ সরকারি ফি’র বাইরে অবৈধ অর্থের বিনিময়ে নামজারি করার বিষয়টি স্বীকার করেন। তখন জানে আলমকে আটক করা হয়।
তিনি বলেন, পরবর্তীতে তাকে জরিমানা করে মুচলেকা নেওয়া হয়। মানবিকতার কথা বিবেচনা করে তাকে জেল জরিমানার মতো কঠোর শাস্তি থেকে রেহাই দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সব সেবাগ্রহীতার জন্য আমার অফিস উন্মুক্ত। দালাল ধরতে আমার অফিসের বাইরে অবস্থিত বিভিন্ন চা ও কম্পিউটার দোকানে আজ অভিযান পরিচালনা করি। এতে অনেক দালাল টের পেয়ে পালিয়ে যায়। পাশাপাশি দোকানিদের সতর্ক করা হয় তারা যাতে দালালদের সহায়তায় নিযুক্ত না হয়, পাশাপাশি দালালদের আনাগোনা থাকলে বিষয়টি যেন আমাদের অবহিত করে।

