২০২২-২৩ অর্থবছরের বাজেটে অতিরিক্ত আমদানী শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টাস এসোসিয়েশন (বেলিয়া) চট্টগ্রামে মানববন্ধন করেছে।
সোমবার (২৭ জুন) নগরীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী গ্রাম হবে শহর শ্লোগানকে কেন্দ্র করে দেশজুড়ে উন্নয়নের জোয়ারের যে কথা বলেছিলেন তা বাস্তবায়ন করতে গেলে বিল্ডিংয়ে উঠানামায় লিফটের বিকল্প কোন প্রযুক্তি নেই। কিন্তু আমদানিকৃত লিফটের ওপর অতিরিক্ত যে কর আরোপিত হয়েছে, সেটির বাস্তবায়ন প্রধানমন্ত্রীর স্লোগানের পরিপন্থী। এবারের বাজেটে লিফটের ওপর ৩১ শতাংশ শুল্ক আরোপের ফলে দেশে পণ্যটির দাম বাড়বে। এতে ভোক্তা, ব্যবসায়ি ও আবাসিক খাত ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও বলেন, করোনার কারণে বিশ্বজুড়ে সরবরাহ সংকট তৈরি হওয়ায় আমদানিকারকগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। বৈদেশিক মুদ্রার উঠানামার কারণে লিফটের দাম বেড়ে যায় ৫০ শতাংশেরও বেশি। এখন আবার শুল্ক আরোপের ফলে শতাধিক কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এই সেক্টরে কর্মরত লক্ষাধিক কর্মচারি বেকার হয়ে পড়ারও শঙ্কা রয়েছে। এ অবস্থায় আমদানি শুল্ক প্রত্যাহার করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- ইউনাইটেড এক্সপারটেস বিডি লিফট-এর সিইও পুজন সেন গুপ্ত, পিকো প্লাস-এর পরিচালক এনায়েতুর রহমান, ওটু’র ব্যবস্হাপনা পরিচালক সায়েম উদ্দিন, এক্সেল এলিভেটর এন্ড পাওয়ার জেনারেশনের সিইও প্রকৌশলী ইসমাইল হোসেন, গ্লোবাল ইন্জিরিয়ারিং কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক প্রনব নন্দী, প্যারাগন টেক-এর খালেদ রায়হান, পারফেক্ট লিফট-এর ব্যবস্হাপনা পরিচালক মো. হাসনাত মীর বাহার, ডিজিটাল পাওয়ার সিটির ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ মো. আবুল মহসীন, স্কেল লিমিটেড-এর ব্যবস্হাপনা পরিচালক রুহুল আমিন।

