চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার ৭ বছর পলাতক প্রধান আসামি মো. ইউসুফকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ইউসুফ রাউজান থানার মৃত বজল আহম্মদ সওদাগরের ছেলে।
রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৫ সালের রাউজান-রাঙামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগের কর্মী শহিদুল আলমকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যাকাণ্ডের পর মামলার ১ নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ অন্যান্য আসামিরা বিদেশে পালিয়ে যায়। কিছুদিন পর তারা ক্রমান্বয়ে দেশে ফিরে এসে এলাকায় চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অভিযান চালিয়ে সাত বছর ধরে পালিয়ে থাকা মো. ইউসুফকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, এ মামলার পলাতক ১ নম্বর ও মাস্টার মাইন্ড আসামি আজিজ উদ্দীনকে ওরফর ইমুকে গত ১১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়।

