চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বঙ্গোপসাগর উপকূলীয় খোর্দ্দ গহিরা এলাকার কোটিপতি ইয়াবা ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে উপার্জিত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক আবদুল মালেক। মামলায় ৯১ লক্ষ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৩ কোটি ৫০ লক্ষ ৬০ হাজার ২০১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুকে আইনের ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ করা হয়। মামলার একমাত্র আসামী জসিম উদ্দিন আনোয়ারা থানাধীন খোর্দ্দ গহিরা গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের আগে বেশ কয়েক বছর ধরে ইয়াবা ব্যবসায়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধানে নেমে সত্যতা পায় দুদক । প্রাথমিকভাবে অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ার পর দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করে দুদক। ২০১৯ সালের ৯ ডিসেম্বর দুদকের কাছে সম্পদ বিবরণী জমা দেয় জসিম। দুদকে ৩ কোটি ২২ লাখ ৫ হাজার টাকার স্থাবর এবং ১৪ লাখ টাকার অস্থাবর সম্পদ মিলে ৩ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার সম্পদ ঘোষণা দেন। পরবর্তীতে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইবাছাই ও পর্যালোচনা করে ৪ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ২০১ টাকার সম্পদের উপস্থিতি পান দুদক কর্মকর্তারা। এতে দুদকে জমাকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ গোপন করার প্রমাণ পায় দুদক। তাছাড়া ঘোষিত সম্পদের ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকার সম্পদের আয়ের উৎসের সঠিত হিসাব দিতে পারেননি জসিম উদ্দিন।
এ ব্যাপারে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম বলেন, মাদক ব্যবসায়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান কার্যক্রম চালানো হয় জসিম উদ্দিনের বিরুদ্ধে। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয়। পরে তিনি সম্পদ বিবরণী জমা দিলেও কিছু সম্পদদের তথ্য তিনি গোপন করেছেন। যেসম্পদগুলো দেখিয়েছেন সেখানেও প্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি সম্পদের বৈধ আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। যে কারণে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে আরও কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

