চট্টগ্রামের রাউজান উপজেলায় বাড়ির পাশের খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইয়াকুব আলী (৬২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুন) সকালে পৌরসভার ছিটিয়াপাড়ায় একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২০ জুন) বিকেলে ছিটিয়াপাড়া এলাকায় বেরুলিয়া খাল সংলগ্ন বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ইয়াকুব আলী। তিনি ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তার সন্ধানে মঙ্গলবার সারাদিন তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির বলেন, পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর বাসা থেকে একশ গজ দূরে পুকুরে মরদেহটি ভেসে ওঠে। আশপাশের মানুষজন দেখে পরিবারকে খবর দিলে মরদেহটি উদ্ধার করেন। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে না বলে জানান এসআই মো. সাব্বির।

