সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী গোলাম তোয়াহাকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সকলের সস্মতিতে তাকে এ পদে মনোনীত করেছেন সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
উল্লেখ্য, ছয়দফা থেকে মুক্তিযুদ্ধ। সব আন্দোলন সংগ্রামেই ছিলেন সন্দ্বীপের নেতৃস্থানীয় সংগঠক। যার কারণে আদর করে বঙ্গবন্ধু ডাকতেন ‘সাম্যবাদী তোয়াহা’। মৌলভী তোয়াহার দুই ছেলে এখন সন্দ্বীপ উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে সক্রিয়। তাঁর এক ছেলে মিজানুর রহমান সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সদ্যবিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী। অপর ছেলে মাকছুদুর রহমানও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ১৯৪৭ সালে জন্ম নেওয়া মৌলভী গোলাম তোয়াহা পেশাগত জীবনে ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশিই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকেছেন সবসময়।
১৯৬৬ সালে ছয়দফা আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু যখন সন্দ্বীপে যান তখন সেই সভা সফল করতে সবচেয়ে বেশী সাংগঠনিক ভূমিকা পালন করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করেছিলেন মুক্তিযুদ্ধে। যুদ্ধের পরও মৌলভী তোয়াহা সক্রিয় ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে। ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। পরপর দু’টি কমিটিতে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

