চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনার জীবানু শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ১২ জন। এদিন করোনা রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বুধবার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৯ জনের দেহে করোনার জীবানু শনাক্ত হয়। শনাক্ত হওয়া ১৯ জনের সবাই নগরীর বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৮০১। তাদের মধ্যে নগরীতে ৯২ হাজার ২৫৬ জন এবং ৩৪ হাজার ৫৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ৭৩৪ জন নগরীতে এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

