কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), খুটাখালী নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও বান্দরবানের লামা উপজেলার সাইফুল ইসলাম।
নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

