জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের (জেরাজিএম) কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব আলোচনা করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
তবে প্রস্তাবটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক যাচাইয়ের পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।
প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা ও সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে জেরাজিএমের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।
এ ছাড়া পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) ও টার্ম শিটের চূড়ান্ত করা নমুনায় স্বাক্ষরের নীতিগত অনুমোদনও চাওয়া হয়।
আলোচনা শেষে কমিটি প্রস্তাবটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যাচাই গ্রহণের পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেয়।

