চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় রিংকু (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) সকাল পৌনে ১১টার দিকে বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বাড়বকুণ্ড এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন রিংকু। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, রাস্তা পার হওয়ার সময় লরি ধাক্কা দিলে রিংকু নামের ওই নারী এতে আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি পরিবারের সদস্যরা নিয়ে গেছে। ঘাতক লরিটি জব্দ করা হয়েছে।

