চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও নানা অনিয়মের কারণে আরও চারটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকি অভিযান চালায় অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা ও মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মোড়কজাতকরণের বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মেখে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় খাবার তৈরিতে নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজার তদারকিতে নেমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫৪ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

