পেসার হাসান মাহমুদের হ্যাটট্রিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১০৬ রানের লিড পায় টাইগাররা।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান করেছিল আফগানিস্তান।
তৃতীয় দিন হাসানের তোপে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৯ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় আফগানরা।
ইনিংসের ৮৩ ও নিজের ১৮তম ওভারের তৃতীয় থেকে পঞ্চম বলে যথাক্রমে- ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রহমানকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।
টেস্ট ইতিহাসে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন হাসান। তবে পেসারদের মধ্যে প্রথম হ্যাটট্রিকম্যান এখন তিনি। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে দুই স্পিনার অলক কাপালি (২০০৩ সাল) ও সোহাগ গাজী (২০১৩ সাল) হ্যাটট্রিক করেছিলেন।
প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১০৫ রান তুলে অপরাজিত থাকেন অধিনায়ক রহমত শাহ। এছাড়া আব্দুল মালিক ৬২ ও ইকরাম আলিখিল ৩২ রান করেন।
বাংলাদেশের হাসান ২১ ওভারে ৫৫ রানে ৫ উইকেট নেন। এবাদত হোসেন ১৫.১ ওভারে ৫৬ রানে ৪ উইকেট শিকার করেন।

