‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে সারাদেশের বিভিন্ন জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক ও সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মুহাম্মদ কবীর ভূঁইয়া। বক্তব্য রাখেন শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক উপপরিচালক আতিয়া চৌধুরী। শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কয়েকজন শিশু শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকের শিশুরাই আগামীদেনের বাংলাদেশ। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। প্রত্যেক শিশুর হাসিমুখ আমরা দেখতে চাই–এ জন্য যা যা করণীয় তা আমরা করবই। মানবিক ও আলোকিত ভবিষ্যতের জন্য শিশুদেরকে সুরক্ষিত রাখতে হবে। তারাই আগামীতে আলোকিত মানুষ হয়ে আলোকিত বাংলাদেশ গড়বে।
অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে প্রায় ৫ কোটি শিশুর মধ্যে শুধু চট্টগ্রাম জেলায় ২৭ লক্ষ শিশু রয়েছে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, আনন্দ–বিনোদন, চারিত্রিক বৈশিষ্ট্য ও নীতি–নৈতিকতা শিখিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবো।

