মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট জব্দ করা হয়েছে।
আজ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট জব্দ ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোট আটক করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাব্বির আলম বলেন, চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

