নগরীতে শুরু হয়েছে রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ। গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারাদেশের ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিতর্ক ক্লাব এতে অংশ নিচ্ছে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল, রবি আজিয়াটা পিএলসির সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।
দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাশশাফুল হক শেহজাদ, আহ্বায়ক সাইফুদ্দীন মুন্না, টুর্নামেন্ট ডিরেক্টর সাবের শাহ এবং দৃষ্টির সাবেক সভাপতি সাইফ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দৃষ্টির দীর্ঘদিনের বিতর্ক কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মুগ্ধ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও সুন্দরভাবে মত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, বরং যুক্তি, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আরো বলেন, আমাদের মধ্যে তর্ক হবে বিতর্ক হবে এর মাধ্যমে আমরা যুক্তিবাদ সমাজ গড়ে তুলবো। কিন্ত কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। গড়ে উঠবে যুক্তির শহর। চট্টগ্রাম শহরের নানা পরিকল্পনা তুলে ধরে মেয়র বলেন, বিদেশের মতো চট্টগ্রামের কাজীর দেউড়িতে সিটি সেন্টার গড়ে তোলার জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে।
রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, রবি আপন শক্তিতে জ্বলে উঠতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে গত ১৬ বছর ধরে এ আয়োজনের সহ–আয়োজক হিসেবে রয়েছে। রবি মনে করে, মানুষের মধ্যে যে কল্পনাশক্তি রয়েছে, তার সঠিক পরিচর্যা করা গেলে তা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।
করপোরেট ব্যক্তিত্ব ও গীতিকার আসিফ ইকবাল তরুণদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও নিজেদের চিন্তা প্রকাশের সক্ষমতা বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, সৃজনশীলতা ও যুক্তিচর্চার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
মাসুদ বকুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের বিতর্ক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দৃষ্টি চট্টগ্রাম। ধারাবাহিক এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বগুণ ও সাবলীল বক্তব্য উপস্থাপনের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টির সিনিয়র সংগঠক শহিদুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, স্কুল প্রতিযোগিতা কমিটির সমন্বয়কারী ডা. ইয়াসিন সাকিব, সহ–সমন্বয়কারী জুনায়েদ আসাদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির প্রধান মুজিবুল হক, যুগ্ম প্রধান মেহেরাজ বিন আলম এবং হসপিটালিটি কমিটির যুগ্ম প্রধান আরাফাত কবির। আগামী ৯ অক্টোবর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে বিতর্কের এই মহোৎসবের সমাপ্তি হবে।

