সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি আরও বলেন, আশা রাখি সাত দিন পর সীতাকুণ্ডে ডেঙ্গুর কোনো হটস্পট থাকবে না।
শনিবার সীতাকুণ্ড পৌরসভায় সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
র্যালি শেষে জেলা প্রশাসক ড্রেন পরিষ্কার এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না কমলে এ অভিযানকে সফল বলা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে মশার প্রজননস্থলে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন এবং লার্ভিসাইড প্রয়োগ করতে হবে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী এ কর্মসূচি উপজেলার সব ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভায় পরিচালিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

