আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে শনিবার (১৮ জুন) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। আসন্ন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন ১ লাখ ৪৯ হাজার ৭১২ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৬৮ হাজার ২২৫ জন এবং ছাত্রী ৮১ হাজার ৪৮৭ জন। তবে গত বছরের তুলনায় এবার মোট ১১ হাজার ৪১০ পরীক্ষার্থী কম।
বোর্ড সূত্রে জানা যায়, এবার ২১৩টি কেন্দ্রে এক হাজার ৯২টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিবেন। তারমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৩০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। এর মধ্যে ১৫ হাজার ৬৯ জন ছাত্র এবং ১৫ হাজার ৩০২ জন ছাত্রী রয়েছে। মানবিক বিভাগে মোট ৫৯ হাজার ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৩৯ হাজার ১৪ জন। ছাত্র রয়েছেন ২০ হাজার ১২৩ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৬০ হাজার ২০৪ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩ জন ছাত্র এবং ২৭ হাজার ১৭১ জন ছাত্রী।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত বোর্ড কর্তৃপক্ষকে পাঠাতে পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে গঠন করা হয়েছে কন্ট্রোল রুম। কোনো ধরনের গুজব ও অপপ্রচার যেন বিভ্রান্ত সৃষ্টি করে পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য এই কন্ট্রোল রুম (০১৭১৮৩৪৬৪৭৩, ০১৮১৯৬১৮৯৫১, ০১৮১৯১৭৩৪৯৪, ০২৩৩৩৩৩৬৭৬৪) কাজ করবে।

