চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুন) সকাল ৮টায় চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি পানতিরিশা মন্দুলা চর ফারাঙ্গা এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে মো. শফিউল আলম (২১) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. জাবেদ হোসাইনকে (২২) আটক করে।
অপর দিকে মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪টায় চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাজহারুল হক চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া পালংখালি ইউনিয়নের থ্যাইংখালি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং-১৪, ব্লক-এ-২, রুম নম্বর-৬৫) মৃত আব্দুর রশিদের ছেলে জামাল হোসেনকে (২২) আটক করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন হাজার ৭৫০ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

