চট্টগ্রামের হাটহাজারীতে মো. ওয়ালিদ নামের ৩ বছরের এক শিশুকে খুণ করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামে।
বুধবার (১৫ জুন) দুপুরে পুলিশ খবর পেয়ে ওয়ালিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ওয়ালিদ উপজেলার পূর্ব শিকারপুর এলাকার মো. জাফরের ছেলে।
হাটহাজারীর মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মাহাবুব আলম বলেন, শিশুটির গলা, পেট এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করছি। এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান করছে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ঘটনারদিন বেলা আড়াইটার দিকে ওয়ালিদকে ঘরে রেখে মা ইসরাত জাহানসহ বাড়ির নারীরা পুকুরে গোসল করতে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় মেঝেতে পড়ে আছে ওয়ালিদের নিথর দেহ। এ সময় মায়ের চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওয়ালিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

