চট্টগ্রাম নগরীতে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নিতাই চন্দ্র বণিককে (৫৫) গ্রেপ্তার করেছে খুলশি থানা পুলিশ।
বুধবার (১৫ জুন) দিবাগত রাতে খুলশি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিতাই চন্দ্র সীতাকুণ্ড থানার প্রেমতলা এলাকার মৃত হরিচন্দ্র বণিকের ছেলে। তিনি নগরের খুলশী থানার ফয়’জ লেক নুরিয়া মাদ্রাসা রোডের রেলওয়ে কোয়াটারে বসবাস করেন।
জানা যায়, খুলশী থানার বাসিন্দা তার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২০১৭ সালে নিতাই চন্দ্র বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত নিতাই চন্দ্রকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আসামি নিতাই চন্দ্র দীর্ঘদিন পলাতক ছিল। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে নিতাইয়ের মেয়ের বাড়ি মাস্টার লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১৬ জুন) আদালতে হাজির করা হয়েছে।

