জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
গেল বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির এই সহসভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ।
কয়েক মামলায় জামিন পাওয়ার পর ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গেল ১২ অগাস্ট গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন জিজ্ঞাসাবাদের জন্য মোনালিসা ইসলামকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।
আদালত আসামির উপস্থিতি শুনানির দিন রাখে বৃহস্পতিবার।
এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে শুনানি করেন আইনজীবী তরিকুল ইসলাম।
ঘটনাটি ২০২৪ সালের ১৯ জুলাই ঘটেছে তুলে ধরে আইনজীবী বলেন, আসামি যে ঘটনার সাথে জড়িত তার প্রমাণ হিসেবে সিসিটিভির ভিডিও বা ডকুমেন্ট রাষ্ট্রপক্ষ কিছু দিতে পারেনি। তিনি ঘটনাস্থলে ছিলেন না।
তিনি বলেন, “নয় মামলায় জামিনের পর এ আসামির জামিননামা দাখিল করি। পরে ১২ অগাস্ট তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এভাবে একের পর এক গ্রেপ্তার দেখালে তো সারাজীবন কারাগারে থাকতে হবে।
“তার চার বছরের একটা বাচ্চা দুই বছর মা ছাড়া। রিমান্ডে নেওয়ার মত যৌক্তিকতা নাই। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।”
শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো মোনালিসা ইসলামকে অশ্রুসিক্ত দেখা যায়।
মামলার বিবরণীতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেইটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।

