কর্ণফুলী উপজেলার আয়ুব–বিবি ট্রাস্ট পরিচালিত আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের ১৫০ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। এসএসসি, বেসরকারি স্কুল বোর্ডের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং কর্ণফুলী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতীত্ব অর্জনকারীদের এ সংবর্ধনা দেওয়া হয়। গত ১৬ আগস্ট আজিম–হাকিম স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়ুব–বিবি ট্রাস্ট ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান দিদারুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সাফল্য কর্ণফুলী উপজেলার জন্য গর্বের। মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে আজিম আলী বলেন, শিক্ষাই আলোকিত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে আজিম–হাকিম স্কুলের ১১৬ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন কৃতিত্ব অর্জন করে। এছাড়া কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫–এ সর্বোচ্চ ৩৮ জন এবং বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫–এ সর্বোচ্চ ৫৯ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি অর্জন করে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা তুলে দেওয়া হয়। স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মো. ইলিয়াছ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়ুব–বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান, বেসরকারি স্কুল বোর্ডের উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, ও শিক্ষানুরাগী শাহজাহান ফারুকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালনা পর্ষদের সদস্য এম এ সালাম এবং মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মো. মনজুর আলম।

