চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একটি জাহাজ মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ এবং অপরটি বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’ বলে নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় জাহাজ দুটির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক সাড়া দেয় চট্টগ্রাম বন্দরের পোর্ট টাগবোট। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের রেফায়েত হামিম জানান, স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ ও বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ মুহূর্তে জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে। জাহাজ দুটির বর্তমান অবস্থা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা অন্য কোনো তথ্য যাচাই করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে নিশ্চিত করবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

