মাদারীপুরে মামাকে হত্যার দায়ে নাসির ব্যাপারী (৩৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টায় জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এই মামলা থেকে সাত জন বেকসুর খালাস পেয়েছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত নাসির ব্যাপারী সদর উপজেলার চরকুলপদ্বী এলাকার কাদের ব্যাপারীর ছেলে। মামলার পর থেকে সে পলাতক।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১১ সালের ২ এপ্রিল সদর উপজেলার কুলপদ্বী এলাকার লিটন তায়ানীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাগনে নাসিরসহ ৯ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন নিহত লিটনের ভাই মিজান তায়ানী।
পরে নাসির ও তার ভাই সুমন ব্যাপারীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মাদারীপুর সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। তাদেরকে অভিযুক্ত করায় মামলার বাদী নারাজি জানালে আদালত এই মামলার সব আসামিকে শ্রেণিভুক্ত করে বিচার বিভাগে পাঠান। পরে বিচারিক আদালত দীর্ঘ যুক্তিতর্ক শেষে উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নাসিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
অভিযোগ প্রমাণ না হওয়ায় বিচারক লায়লাতুল ফেরদৌস এই মামলা থেকে মজনু ব্যাপারী, সজীব ব্যাপারী, ইব্রাহীম মীরা, হাবুল মীরা, ফারুক মীরা, সুমন ব্যাপারী ও সোহেল খানকে বেকসুর খালাস দেন।

