রাত পোহালেই বুধবার (১৫ জুন) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৪টির ইউনিয়নের ১৩টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। প্রথমবারের মতো এ ১৩ ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে সোমবার (১৩ জুন) মধ্যরাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নিবার্চন কমিশন।
বাঁশখালীর ১৩ ইউনিয়নে এবার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৭৫ জন। তাছাড়া সংরক্ষিত মহিলা ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষে ৮৩৪টি বুথে মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শ ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শ ৮ জন।
এর আগে সোমবার (১৩ জুন) উপজেলার ১২৭ ভোট কেন্দ্রে একযোগে ‘মক ভোটিং’ প্রশিক্ষণ সম্পন্ন করেছে নির্বাচন অফিস। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয়ে ইভিএম পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঁশখালী অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, এবারে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

