খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রামগড় শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল-জান্নাত। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, রামগড় শাখার সাধারণ সম্পাদক ও রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা। এছাড়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরাও অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে দ্বীন আল-জান্নাত বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। দীর্ঘ কর্মজীবনে যাঁরা শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন, তাঁদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের বিদায় জানাতে গিয়ে আমাদের নিজেদের শিক্ষকদের কথাও স্মরণ হচ্ছে। আমরা তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।” সংবর্ধনা পাওয়া শিক্ষকেরা হলেন— রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়াস উদ্দিন, পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুম্রচাই কার্বারী, রামগড় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজগর আলী, থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইদ্রানী দেবী, বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফজলুল হক, হাতিরখেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবুল খায়ের, সোনাইআগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্রাইগ্য মগ, লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অরবিন্দ নাথ এবং সোমাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রতন কান্তি মজুমদার। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

