ঈদের ছুটি শেষে বাড়ি থেকে সিএনজি অটোরিকশাযোগে শহরের কর্মস্থলে যাওয়ার পথে চট্টগ্রামের বাঁশখালী পিএবি সড়কে মাছবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. বাহাদুর আলম (২৮) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনার বাসিন্দা। আহতরা হলেন- মহেশখালী উপজেলার আবুল বাশরের ছেলে মো. নোমান (৩৫), মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪), চকরিয়া উপজেলার বদরখালী আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২৩)।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হেলাল উল্লাহ নূরী বলেন, ‘আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে চকরিয়া মগনামা ঘাট থেকে চট্টগ্রাম যাওয়ার সময় বাঁশখালী সড়কে মাছবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সকাল সাতটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত যুবক চট্টগ্রামে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরিবারের সঙ্গে যোগাযোগ চলছে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।’

