বান্দরবান জেলার লামা উপজেলায় বন্যহাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামের এক নারীর মারা গেছেন। মঙ্গলবার (১৯মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিন’র আম বাগানে এ ঘটনা ঘটে। মৃত রুবি আক্তার দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুর শুক্কুরের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ে খাদ্য দেখা দেওয়ায় বন্যহাতির দল খাদ্যের সন্ধানে প্রায় সময় লোকালয়ে নেমে পড়ে। এ সময় হাতির দল ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ফলজ বাগানে ঢুকে মৌসুমি ফল খেয়ে নস্ট করে। এ ক্ষতি থেকে রেহাই পেতে বাগান মালিকরা বৈদ্যুতিক ফাঁদ পেতে থাকেন। এ ধারাবাহিকতায় গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতানো হয়। মঙ্গলবার ভোর ৫ টার দিকে পাশের গৃহবধূ রুবি আক্তার গৃহস্থলির কাজে বাগানে গেলে পাতানো বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রুবি আক্তারের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো কোন অভিযোগ না থাকায় রুবি আক্তারের লাাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

