চট্টগ্রামের ফটিকছড়িতে সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারির মধ্যে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষার শুরু হয়েছে। ৫ হাজার ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২১এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৫৮ জন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফটিকছড়িতে মোট ৭টি এসএসসি কেন্দ্র, ৩টি দাখিল কেন্দ্র এবং ২টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে একযোগে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চলতি বছরে উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২০০ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৩৫৫ জন, দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৪৩১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৪১৪ জন। প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ২৫ জন, দাখিলে ৩১ জন এবং ভোকেশনালে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেছে। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেছেন। এবার প্রথমবারের মতো উপজেলার সবকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যা পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোঃ ইব্রাহিম বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রগুলোতে অত্যন্ত সন্তোষজনক পরিবেশ লক্ষ্য করা গেছে। প্রথম দিনের অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় তিনি আশা প্রকাশ করেন, বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। পরীক্ষার্থীরাও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে, যা সার্বিক ব্যবস্থাপনাকে আরও সহজ করেছে। সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলার সবকটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে আসন নিতে হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে।
পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। দাখিল পরীক্ষা শুরু হয়েছে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা দিয়ে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৪ মে পর্যন্ত। আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। এদিন এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৪ মে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৭ থেকে ২১ মে তাদের ব্যবহারিক পরীক্ষা এবং ১ থেকে ১৮ জুন এ পরীক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।