চট্টগ্রাম নগরীতে র্যাবের অভিযানে ক্যাসিনো পরিচালনার অপরাধে ৫৩ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আটককৃতরা রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে দীর্ঘদিন ধরে ক্যাসিনো পরিচালনা করছিলেন।
শনিবার (১১ জুন) রাতে অভিযান চালিয়ে হালিশহরের নবাব টাওয়ার নামে একটি ভবনের তিন তলা থেকে তাদের আটক করে র্যাব-৭ এর একটি দল।
এসময় আটককৃতদের হেফাজতে থাকা ১৫৫ সেট তাস, জুয়া খেলার চিপ ৪৩০টি এবং নগদ ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে বলেন, কো-অপারেটিভ সোসাইটির আড়ালে দীর্ঘদিন ধরে ক্যাসিনো ও জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিল একটি গ্রুপ। জুুয়াতে তারা প্লাস্টিকের টোকেনের ন্যায় এক ধরনের কয়েন ব্যবহার করতো। এই টোকেনের দাম ৫ হাজার থেকে সর্বোচ্চ মূল্য ৫ লাখ টাকা পর্যন্ত। এই অবৈধ অর্থের প্রলোভনে পড়ে এলাকার যুবসমাজ ক্যাসিনো ও জুয়ায় জড়িয়ে পড়ছিলো। আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

