কর্ণফুলী নদীতে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ’এমভি টিটু-১৬’ নামের একটি লাইটারেজ জাহাজ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ চুরির সময় ৭ জনকে হাতেনাতে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকা হতে তাদের হাতেনাতে আটক করা হয়। আটকৃতরা সবাই জাহাজটির মাষ্টার সুকানী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সদরঘাট নৌ থানা পুলিশ।
আটককৃতরা হলো, জাহাজটির মাস্টার মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন খালিসাখালী গ্রামের আবদুর রউফের ছেলে আমিরুল ইসলাম (৫৫), জাহাজের সুকানী পটুয়াখালী জেলার বাউফল থানাধীন আয়লা গ্রামের মো. বাবুল মল্লিকের ছেলে মো. রিয়াদ মল্লিক ওরফে সোহাগ (২০), ভোলা জেলার বোরহানউদ্দীন থানাধীন পক্ষিয়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাকিব হোসাইন (২২), কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. সাকের উল্লাহ (৩২), একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে আজিজুল হক (২৮), মো. আবুর ছেলে আজিম উদ্দিন (২১) এবং নওগাঁ জেলার সদর থানাধীন মাষ্টারপাড়া গ্রামের বশির উদ্দিন মন্ডলের ছেলে জামিল আক্তার (৪৩)। তারা সবাই জাহাজের মাস্টার সুকানী এবং শ্রমিক বলে জানেয়েছে পুলিশ। লাইটার জাহাজটি আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।
সদরঘাট নৌ থানাও ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, সদরঘাটের ডায়মন্ড ঘাটে নোঙর করা ‘এমভি টিটু-১৬’ নামের লাইটার জাহাজ থেকে জাহাজটির মাষ্টার সুকানী মিলে স্ক্র্যাপ চুরি করে বিক্রি করে দিচ্ছিল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিতে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। ইতোমধ্যে আবুল খায়ের গ্রুপের সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

