সীতাকুণ্ডে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় অটোরিকশা চালক মো. আলাউদ্দিনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
বুধবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ডের ইকো পার্কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আলাউদ্দিন কুমিরার রহমতপুর এলাকার আবুল বশরের ছেলে।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, বুধবার বেলা ১২টার দিকে ওই ছাত্রীকে বাবা ডাকার কথা বলে স্কুলের সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে নেয় আলাউদ্দিন। পরে তাকে সেখান থেকে সিএনজিতে করে ইকোপার্কে নিয়ে গিয়ে ওয়াচ টাওয়ারের পশ্চিম দিকে বিভিন্নরকম ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আতঙ্কিত হয়ে ওই ছাত্রী চিৎকার দিলে পার্কের স্টাফ রবিউল তার শব্দ শুনতে পায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইকো পার্কে স্টাফ রবিউল থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনকে পুলিশ আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। ওই মামলায় অটোরিকশা চালকে আদালতে পাঠানো হয়েছে।

