নারায়ণগঞ্জ শহরের আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের আপন তিন জায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে দেওভোগ আখড়া এলাকায় রবি সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলী রানী, দীপক ঘোষের স্ত্রী মনি রানী ও নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী।
জানা গেছে, বৃষ্টির সময় বিদ্যুৎতের তার ছিঁড়ে রবি সাধুর বাড়ির কলাপসিবল গেটের ওপর পড়ে। বিমলা রানী গেটের সামনে জমে থাকা পানি পরিষ্কার করতে গেটের কাছে গেলে তিনি কলাপসিবল গেটের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন মনি রানী ও বাসন্তী রানী। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন।

