আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে টোল দেওয়া সাপেক্ষে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা সেতু। এরই মধ্যে ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে ভাড়া নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে। এই বিজ্ঞপ্তি ৭ জুন বিআরটিএর ওয়েবসাইটে আপলোড করা হয়।
বিআরটিএর বিজ্ঞপ্তি অনুসারে, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল রুটে চলাচলকারী বাসে একজন যাত্রীর ভাড়া হবে ৪১২ টাকা ৩২ পয়সা। ঢাকা-রাজৈর-গোপালগঞ্জ রুটের বাসে চলাচলকারী ভাড়া ৫০৪ টাকা ২১ পয়সা।
ঢাকা-গোপালগঞ্জ-খুলনা রুটের বাসে যাত্রীপ্রতি ভাড়া ৬৪৯ টাকা ৩৬ পয়সা, ঢাকা-জাজিরা-শরীয়তপুর রুটের বাস ভাড়া ২১৮ টাকা ৫৩ পয়সা, ঢাকা-বরিশাল-পিরোজপুর রুটের বাস ভাড়া ৫৩৪ টাকা ২০ পয়সা, ঢাকা-গোপালগঞ্জ- পিরোজপুর-বাগেরহাট রুটের ভাড়া ৬২৮ টাকা ২৫ পয়সা।
ঢাকা-বরিশাল-পটুয়াখালী রুটের ভাড়া ৫০১ টাকা ৫২ পয়সা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর রুটের ভাড়া ৩২৭ টাকা ৫০ পয়সা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরা রুটের ভাড়া ৬৩৩ টাকা ৫ পয়সা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর রুটের ভাড়া ২৮৮ টাকা ৩৯ পয়সা।
ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চরফ্যাশন রুটের ভাড়া ৬৫৩ টাকা ৮৬ পয়সা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু- শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা ৮৮ পয়সা এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যাত্রীপ্রতি বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৪ টাকা ২৯ পয়সা।
আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন এবং পরদিন দেশের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফলে ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকে নতুন ভাড়া প্রযোজ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

