সন্দ্বীপে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা বলেছেন, বিএনপি সরকার গঠন করে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে সন্দ্বীপের নৌ-যাতায়াতে আধুনিক হোভারক্রাফট চালু করা হবে। একই সঙ্গে দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নৌ-যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন করা হবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সন্দ্বীপে তাঁর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন ও নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে সাবেক এমপি মোস্তফা কামাল পাশা বলেন, “আমি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপবাসীর বিপুল ভালোবাসা ও সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এর অর্থ—আমি সৎ, নির্লোভ ও নিঃস্বার্থ বলেই ভোটাররা আমাকে সেই রায় দিয়েছিলেন।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনেও সন্দ্বীপের ভোটারদের অকুণ্ঠ ভালোবাসায় তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।
তিনি আরও বলেন, “বিগত সময়ে আমি সন্দ্বীপকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখতে সক্ষম হয়েছিলাম। আগামীতেও নির্বাচিত হলে সন্দ্বীপকে অপরাধমুক্ত রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বসবাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে আমৃত্যু নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব।” নির্বাচনী ইশতেহার পাঠকালে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সন্দ্বীপের নৌ-যাতায়াত ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, বেকারত্বসহ বিদ্যমান নানা সমস্যার কার্যকর সমাধানে তিনি বদ্ধপরিকর থাকবেন। একই সঙ্গে সন্দ্বীপের সম্ভাবনাময় খাতগুলোকে দ্বীপবাসীর কল্যাণে কাজে লাগাতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। ইশতেহার পাঠ ও সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর ও আবুল কাশেম মাস্টার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল কাদের মানিক, আমানউল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহনেওয়াজ চৌধুরী, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দীন কমিশনার, সদস্য সচিব আবুল বশার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান।
