ফটিকছড়িতে মুজিবুর রহমান নামে এক মোটরসাইকেল চালকের লাশ পাওয়া গেছে। তবে তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। রোববার উপজেলার কাঞ্চননগর এলাকায় চা বাগানের পূর্ব পাশে মাইচ্ছের ছোলা এলাকায় রাস্তার পাশে লাশটি পাওয়া যায়। মজিবুর রহমান কাঞ্চননগর ৭ নম্বর ওয়ার্ডের হাছি মিয়া পল্লান বাড়ীর কৃষক নুরুল আলমের পুত্র। পেশায় সেই একজন ভাড়াই চালিত মোটরসাইকেল চালক। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের প্রক্রিয়া করছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, ধারণা করা হচ্ছে ভাড়া নিয়ে কোথাও গেলে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে মারধর করে ফেলে রাখা হয়েছে।
গতরাতে এ ঘটনা ঘটেছে। ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, একজন মোটরসাইকেলের চালকের লাশ পাওয়া গেছে। তার মাথায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ দেখা গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।
