চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ২০ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় তল্লাশি চালানো হয়। বারোমাসিয়া চা বাগান টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পিছনে চা বাগানের জঙ্গলের ভেতর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা থেকে সর্বমোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা এসব আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, ভূজপুর ও ফটিকছড়ি থানার বিভিন্ন এলাকায় এর আগেও পুলিশের অভিযানে একাধিক দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের ভাষ্যমতে, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ও এলাকায় শান্তি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে

