বান্দরবান জেলার লামা উপজেলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং (৪৯) কে অবৈধ বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ভোর ৪টার দিকে উপজেলা সদর ইউনিয়নের শীলেরতুয়া এলাকার চংবট মুরুং পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাইংপা মুরুং চংবট মুরুং পাড়ার বাসিন্দা মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে কাইংপা মুরুং এর বিরুদ্ধে আলীকদম থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ২০০২ সালে লামা উপজেলায় রুজুকৃত অপর একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা মুলতবী রয়েছে। পরোয়ানা ও কারাদন্ডের পর থেকে কাইংপা মুরুং গা ঢাকা দেন। এক পর্যায়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চংবট মুরুং পাড়ায় অভিযান চালায়। এ সময় দেশিয় তৈরি একটি অবৈধ এক নলা বন্দুক সহ কাইংপা মুরুংকে গ্রেফতার করে পুলিশ।
সাজাপ্রাপ্ত পলাতক কাইংপা মুরুংকে বন্দুকসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতার কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ এর ১৯ (এ) ধারা মতে মামলা করা হয়েছে।
লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার
মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি

