অভিভাবক, মহিলা পুলিশ কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তার সামনে শিশু আইন মেনে বাবুল আক্তারের দুই সন্তানের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৮ জুন) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশে আরও বলা হয়, শিশুদের জিজ্ঞাসাবাদের আগে রাখা হবে সমাজসেবা কর্মকর্তার কাছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৬ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ ছয় বছর অতিক্রান্ত হলেও মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। তদন্তের এ ধরনের দীর্ঘসূত্রিতার ফলে মামলার জটও বাড়ছে বলেও মন্তব্য করা হয়। কোনো ধরনের গড়িমসি বা টালবাহানা করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। ওই সময় বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে জঙ্গিবিরোধী কার্যক্রমের তিনি জড়িত থাকায় তার স্ত্রী আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন এমন অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন। তবে সপ্তাহ দুয়েকের মাথায় তদন্তে নাটকীয় মোড় আসে। সন্দেহের তালিকায় উঠে আসে বাবুল আক্তারের নামও। পরে তাকে চাকরি থেকে অবসর নিতে হয়।পরবর্তীতে তাকে মিতু হত্যা মামলার আসামী হিসাবে গ্রেফতার করা হয়।

