দেশের চার উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হল- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং মেহেরপুর। এসব উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে জানা গেছে, সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া, বর্ণিত তফসিলে সিলেটের বাইরে মেহেরপুরে উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

