চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন ওই নারীর স্বামী ও সন্তান।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে নয়াহাট বাদামদল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম ফজিলাতুন্নেসা (৩০)। তিনি খুলনা বিভাগের মাগুরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পেছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। তবে তার স্বামী ও সন্তান অক্ষত রয়েছেন।
নিহতের স্বামী আলী মুজ্জামান সুজন জানান, স্ত্রী ও সন্তানসহ খুলনা থেকে বান্দরবানে ভ্রমণে যাচ্ছিলাম। বাইক চালাচ্ছিলেন স্ত্রী। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি তিনজনই। তবে আমাদের তেমন আঘাত না লাগলেও ঘটনাস্থলে মারা যায় আমার স্ত্রী।
খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।

