সীতাকুণ্ডের ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক পদার্থ থাকা চারটি কনটেইনার চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।
সোমবার (৬ জুন) দুপুর সোয়া ১২টায় বিএম ডিপোর গেইটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ তথ্য জানান ২৪ বিগ্রেড ১৮ বি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম হিমেল।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোতে থাকা ৪টি কন্টেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কনটেইনারগুলো ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করছে। তাছাড়া ডিপোর ভিতরে এখনো কালো ধোঁয়া থাকায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা উদ্ধার কাজ করতে এসেছি। আমাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হবেনা।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪৬ জন। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের পরিবারে জেলা প্রশাসনের সহায়তার টাকা হস্তান্তর হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

