ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ডিপো রাখার বিষয়ে তদন্তের দাবি করেছেন চট্টগ্রামের সীতাকুÐ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। রোববার দুপুরে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
শনিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ থাকার বিষয়ে না জানায় ফায়ার সার্ভিসের কাজের মাঝেই ঘটে বিকট বিস্ফোরণ। ওই স্থানের আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা। বিস্ফোরণে আশপাশের অনেক বাসিন্দার ঘরের দরজা–জানালা ভেঙে গেছে। ঘরের সামনে ভাঙা কাচের স্তূপ দেখা গেছে। উড়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।
রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা বলছেন, ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল রাসায়নিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৯ –এ পৌঁছেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক। তাদের চমেকসহ সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

