খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা–মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রাহেনা বেগমের ছেলে মো.হাসান শুক্রবার বিকেলে রামগড় থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার একদিন পেরিয়েও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সিআইডি ও পিবিআইও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় ঘুমন্ত অবস্থায় আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা আক্তার (৪৫)কে গলা কেটে হত্যা করা হয়। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে আজ বিকেলে নিহত মা–মেয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

