ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুনব বড়ুয়া এবং রতন কান্তি চৌধুরীর উপর রাশেদুল আবেদীন মাহমুদ (রাশেদ চৌধুরী) কর্তৃক হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৩ আগস্ট ২০২৫ ইং) বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,“শিক্ষকদের উপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার উপর হামলা। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।” শিক্ষক ও শিক্ষার্থীরা আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য,গতকাল ১২ আগষ্ট ক্লাস চলাকালীন সময় স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রাশেদুল আবেদীন মাহমুদ চৌধুরী (৫০) স্কুলে প্রবেশ করে সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরীকে ইট দিয়ে আঘাত করেন। প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাঁধা দিতে গেলে তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকেন তিনি। পরে শিক্ষার্থীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এদিকে অপমান সইতে না পেরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনব বড়ুয়া রাতে অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাইদচকিয়া স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুনব বড়ুয়ার চিকিৎসার খোজ খবর নিতে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখে আসছি। এসময় তাঁকে লাঞ্চিত করার ঘটনায় অভিযুক্ত আসামীকে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করার বিষয়টি তাকে অবহিত করা হয় এবং ভবিষ্যৎ সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়।
