চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (০৯ আগস্ট) ফটিকছড়ি পৌরসভার চেংগারকুল এবং কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম। অভিযানে দুটি ড্রেজার মেশিন বিকল এবং একটি জব্দ করা হয়েছে। একইসাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। অভিযান চলাকালে প্রশাসনিক দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।
ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে তিনি জানান।