দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নাজমুল আহসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে একাধিকবার বিতর্কের মুখে পড়েন। নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
গ্রেপ্তারের পর তাকে দুদকে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

